নারায়নগঞ্জে ট্রলার ডুবি নিহত ১, নিখোঁজ ৫
বালুবাহী বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাটিবোঝাই একটি ট্রলার নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ডুবে গেছে। এতে এক শ্রমিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন পাঁচজন। আজ বুধবার বেলা পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম তালেব (৩০)। নিখোঁজ শ্রমিকেরা হলেন, নেজার (৩৫), সুজক (২৮) ও তাঁর ভাই শফিকুল (২২), শাহীন (২৫) ও সুজন (২৬)। নিহত ও নিখোঁজ সবাই সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গাড়েশ্বর গ্রামের বাসিন্দা।
ফতুল্লা মডেল থানার অধীনস্থ বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুর রাজ্জাক বলেন, আজ বেলা দেড়টা থেকে পৌনে দুইটার সময় প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির সময় ধলেশ্বরী নদীতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে ৩৫ জন শ্রমিক ছিলেন। বাকিরা তীরে উঠতে পারলেও ছয়জন নিখোঁজ হন। ট্রলারটি পুরান গোপচর ঘাট থেকে মাটি নিয়ে বক্তাবলীর একটি ইটভাটায় যাচ্ছিল। পরে খবর পেয়ে নদীতে উদ্ধার অভিযান চালায় অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তপক্ষের ডুবুরি দল। সন্ধ্যা ছয়টার দিকে তালেবের লাশ উদ্ধার করা হয়। তবে বাকি নিখোঁজ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক দিন মনি সরমা বলেন, বাকিদের উদ্ধারে অভিযান চলছে।