নারায়ণগঞ্জে ট্রাক খাদে পড়ে সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গতকাল শনিবার লোহার এঙ্গেলবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, বেসরকারি মুঠোফোন কোম্পানি এয়ারটেলের টাওয়ার নির্মাণের লোহার এঙ্গেল ও রংবোঝাই একটি ট্রাক গতকাল ভোরে গাজীপুর থেকে কুমিল্লায় যাচ্ছিল। রূপগঞ্জের কেন্দুয়া কাঞ্চন সেতু এলাকায় ট্রাকটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এ সময় ট্রাকের ওপর বসা ছিলেন ১১ জন শ্রমিক। লোহার এঙ্গেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন শ্রমিক নিহত হন। পরে আহত শ্রমিকদের এলাকাবাসী উদ্ধার করে উপজেলার কাঞ্চন সুফী মোহাম্মদ দাইমুদ্দিন ক্লিনিকে ভর্তি করে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। খবর পেয়ে শত শত লোক ঘটনাস্থলে ভিড় জমায়।নিহত শ্রমিকেরা হলেন জহিরুল ইসলাম (৩২), তারেক (১৮), রাকিব (২২), মোখলেছ (৩৫), তাইফুর (৩২), জাহিদ (২৪) ও সাইফুল ইসলাম (২৫)। আহত শ্রমিকেরা হলেন কামাল, আজাদ ও তাজিমুল। এ ছাড়া অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের নাম জানা যায়নি। দুর্ঘটনায় বেঁচে যাওয়া আহত শ্রমিক কামাল সাংবাদিকদের বলেন, শ্রমিকদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলায়। তাঁরা এয়ারটেলের টাওয়ার নির্মাণের শ্রমিক।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, ট্রাকে অতিরিক্ত মাল বোঝাই ছিল বা চালক ঘুমিয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। ট্রাকটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।