নারায়ণগঞ্জে ট্রাক চাপায় বাবা ও মেয়েসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার আরোহী বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন অটোরিকশার আরেক যাত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় বাস থেকে এসে নামেন অলিউল্লাহর (৩৫) এক আত্মীয় দম্পতি। মেয়ে সুমাইয়াকে (৭) সঙ্গে নিয়ে তাঁদের আনতে যান অলিউল্লাহ। ওই দম্পতিকে আলাদা অটোরিকশায় তুলে দিয়ে মেয়ে ও ওই দম্পতির ছেলে সাজিদকে (১১) নিয়ে পৃথক অটোরিকশায় গিরিধারার বাসার দিকে রওনা দেন তিনি। পথে শান্তিধারা এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে আরোহী অলিউল্লাহ, সুমাইয়া, সাজিদ ও চালক সামসুল হক (৫৫) নিহত হয়। আহত সাজিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনায় আহত সাজিদের চিকিৎসা চলছে।
গজারিয়ায় নিহত ৩: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে পণ্যবাহী একটি ট্রাক উল্টে দুটি সিএনজিচালিত অটোরিকশার ওপরে পড়লে এ দুর্ঘটনা ঘটে। চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা জেলার দোস্ত গ্রামের মন্টু মিয়া (৪০), কুমিল্লার নড়িয়াবাদ গ্রামের অঞ্জলী রানি সাহা (৫২) ও বাগেরহাট জেলার রামপাল উপজেলার বড়সাস্তি গ্রামের প্রত্যয় সাহা (১২)।
ভচেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী ভুট্টাবাহী একটি ট্রাক জামালদি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ট্রাকের চাকা বিস্ফেরিত হয়। এতে ট্রাকটি উল্টে গিয়ে পাশের অটোরিকশার ওপরে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। লাশ তিনটি ভচেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।