নারায়ণগঞ্জে ট্রাকচাপায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধ, ভাঙচুর
নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে গতকাল শনিবার ট্রাকচাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত পোশাকশ্রমিকের নাম গোপাল চন্দ্র সরকার (৪৫)। তাঁর বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জের পশ্চিম সোনারায় গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপাল চন্দ্র সকাল সাড়ে ১০টার দিকে মাসদাইর এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ফতুল্লা থেকে চাষাঢ়াগামী দ্রুতগতির একটি ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এলাকাবাসী ট্রাকচালককে আটক করে পিটুনি দিয়েছে। এ সময় টহল পুলিশ এসে ট্রাকচালককে উদ্ধার করে নিয়ে যেতে চাইলে লোকজন বাধা দেয়। পরে পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাঁকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে সাত-আটটি গাড়ি ভাঙচুর করে। ফতুল্লা মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বদরুল ইসলাম বলেন, ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকটিও আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করেছে।