নারায়ণগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত, ট্রাকে আগুন
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় ট্রাকের চাপায় তাবাসসুম ফারিহা (৪) নামের এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার বাবা এনজিও কর্মকর্তা মিলন এবং মা সাথী।
গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নগরের চাঁদমারী এলাকায় চালভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তাবাসসুম ফারিহা ট্রাকের নিচে পিষ্ট হয়। ট্রাকের ধাক্কায় তার মা সাথী ও বাবা মিলন আহত হন।
আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পাঠান। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।