নারায়ণগঞ্জে ডাকাতি আহত ৪, আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শরীফপুর গ্রামে ও সদর উপজেলার ফতুল্লায় গত রোববার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় চারজন আহত হন। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আড়াইহাজার থেকে সাতজনকে আটক করেছে। আহত ব্যক্তিদের তিনজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, আড়াইহাজার উপজেলার বিষনন্দী ইউনিয়নের শরীফপুর গ্রামে কাপড় ব্যবসায়ী তিন ভাই—ওসমান আলী, আমির আলী ও আবু তালেবের বাড়িতে রোববার রাতে ১০-১২ জন ডাকাত হানা দেয়। ডাকাতেরা ওই বাড়ির দরজা ভেঙে ঢুকে ওসমানের ঘর থেকে নগদ ১০ হাজার টাকা, আমির আলীর ঘর থেকে ৮৪ হাজার টাকার কাপড় ও পাঁচ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আমির আলী (২৮), আবু তালেব (৩২) ও আসাদ (২২) আহত হন। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দুটি তাজা ককটেল উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, ডাকাত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন কবির (১৮), সোহেল (২২), এবাদুল (২২), শামসুল হক (২৬), আরজু (২৬), তাজুল ইসলাম (২৪) ও আলাউদ্দিন।এদিকে ফতুল্লার পিলকুনী এলাকায় আবদুল কাদির নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বাড়িতেও একই রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়। এ সময় ডাকাতের হামলায় আবদুল কাদির (৭২) আহত হন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, ডাকাতদের গ্রেপ্তার ও লুট করা মালামাল উদ্ধারে অভিযান চলছে।