নারায়ণগঞ্জে ডাকাতির চেষ্টার অভিযোগে চার ব্যক্তি গ্রেপ্তার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত শনিবার রাতে যাত্রীবাহী একটি মাইক্রোবাসে ডাকাতির চেষ্টার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন কামরুল হাসান (২৫), আসিফুল ইসলাম (২৪), রাশেদুল হাসান (২৫) ও রফিকুল ইসলাম (২৮)। তিন দিনের রিমান্ডের আবেদন করে গতকাল রোববার বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। ঢাকার বনানী এলাকার বাসিন্দা বেলাল হোসেন ভূঁইয়া (৫৪) জানান, অসুস্থ বড় ভাই ও কয়েকজন আত্মীয়কে নিয়ে শনিবার রাতে তিনি একটি মাইক্রোবাসযোগে লক্ষ্মীপুরের গ্রামের বাড়ি থেকে ঢাকার বাসায় ফিরছিলেন। রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার গৌরীপুর এলাকায় সাত-আটজন যুবক একটি মাইক্রোবাসে করে তাঁদের গতিরোধের চেষ্টা করে। কিন্তু তাঁদের বহনকারী মাইক্রোবাসের চালক দক্ষতার সঙ্গে ওই যুবকদের অতিক্রম করে এগিয়ে যান। রাত সাড়ে ১১টার দিকে বন্দর উপজেলার জাঙ্গাল এলাকায় ওই মাইক্রোবাসটি আবার তাঁদের গতিরোধের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন ওই মাইক্রোবাসের চার যুবককে আটক করে কামতাল পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। তবে তাদের সহযোগীরা পালিয়ে যায়। বন্দর থানার কামতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, এ ঘটনায় ব্যবসায়ী বেলাল হোসেন ডাকাতির চেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন।