নারায়ণগঞ্জে ডাকাতের গুলিতে স্কুলছাত্র নিহত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাতদের গুলিতে আজ শনিবার ভোররাতে সালমান (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে উপজেলার মদনগঞ্জ শান্তিনগর এলাকার শাহজালালের ছেলে। সালমান কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ ভোররাতে বন্দর উপজেলার মদনগঞ্জ শান্তিনগর এলাকায় জামাল ভূঁইয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। বাধা দিলে ডাকাতেরা জামাল ভূঁইয়ার ছেলে মুন্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। চিত্কারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে ডাকাতেরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দিয়ে এলাকাবাসীর ওপর হামলা চালায়। এ সময় ডাকাতদের গুলিতে নিহত হয় স্কুলছাত্র সালমান।
ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ইকবাল, সাইফুল, ইমরান ও নিহত সালমানের নানি আমেনা খাতুন। পরে ডাকাত দল ককটেল ফাটিয়ে শীতলক্ষ্যা নদী দিয়ে ট্রলারে করে পালিয়ে যায়।
জামাল ভূঁইয়ার বাড়ির লোকজনের দাবি, ডাকাতেরা সাত ভরি স্বর্ণালঙ্কার ও এক লাখ ৭০ হাজার টাকা লুটে নিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ককটেল ও একটি রাম দা উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাল নামের একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।