নারায়ণগঞ্জে ডিসি ও এসপির সভার সময় পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ডাকা পৃথক সভার সময় পরিবর্তন করা হয়েছে। এ বিষয়ে গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্রসচিবকে চিঠি দেওয়া হয়।
১৫ মিনিটের ব্যবধানে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বিষয়ে দুটি সভা ডাকা হয়েছিল। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘১৫ মিনিটের ব্যবধানে ডিসি-এসপির সভা’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মাদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, জেলা প্রশাসক জেলার আইনশৃঙ্খলা কমিটির সভাপতি৷ পুলিশ সুপারসহ অন্যরা ওই কমিটির সদস্য। স্থানীয় সাংসদ উপদেষ্টা। জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা আজ সকাল ১০টা ৪৫ মিনিটে এই সভা ডেকেছিলেন। আর পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন আইনশৃঙ্খলা বিষয়ে অনানুষ্ঠানিক সভা ডাকেন সকাল সাড়ে ১০টায়৷
প্রথম আলোয় প্রকাশিত খবরের বিষয়ে গতকাল জেলা প্রশাসক ও পুলিশ সুপার যৌথ বক্তব্য দিয়েছেন। তাঁরা বলেছেন, তাঁদের মধ্যে মৌখিক আলোচনা সাপেক্ষে দুটি সভা ডাকা হয়েছে। পুলিশ সুপারের আমন্ত্রণপত্রটি ছিল সৌজন্যমূলক, এটি নিয়মিত বৈঠক নয়। তাঁরা আরও বলেন, উভয়ই সরকারি কর্মকর্তা হিসেবে জেলার সার্বিক বিষয়ে আলোচনা সাপেক্ষে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে পাঠক ও সহকর্মীদের মধ্যে যাতে ভুল-বোঝাবুঝি সৃষ্টি না হয়, এ জন্য সবার সহযোগিতা চান তাঁরা।
জেলা প্রশাসক গতকাল জানিয়েছেন, আজ দুটি সভাই হবে। পুলিশ সুপারের ডাকা বৈঠকটি সাড়ে ১০টায় আর আইনশৃঙ্খলা কমিটির সভা হবে ১২টায়।