নারায়ণগঞ্জে তথ্যসেবা কেন্দ্রগুলোতে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের পাঁচ উপজেলার ৩২টি ইউনিয়নে গতকাল রোববার থেকে সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে আগ্রহী ব্যক্তিদের নাম নিবন্ধন শুরু হয়েছে। গতকাল সকাল থেকে ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রগুলোতে নিবন্ধনের জন্য ভিড় করেন মালয়েশিয়া যেতে আগ্রহী ব্যক্তিরা।নাম নিবন্ধন করতে আসা ব্যক্তিরা বলছেন, ইন্টারনেটের গতি কম ও জনবল কম থাকায় তাঁরা ভোগান্তির শিকার হয়েছেন। এ ছাড়া, কোনো কোনো জায়গায় সরকার-নির্ধারিত অর্থের চেয়ে বেশি আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, গতকাল ভোর থেকেই সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদ (ইউপি) তথ্য সেবাকেন্দ্রে ভিড় জমান মালয়েশিয়া যেতে ইচ্ছুক ব্যক্তিরা। সকাল নয়টা থেকে ডেটা এন্ট্রির কাজ শুরু করার কথা থাকলেও ইন্টারনেটের সমস্যার কারণে শুরু হয় বেলা সাড়ে ১১টায়। অন্যদিকে কুতুবপুর ইউপি ও কাশিপুর ইউপিতেও নিবন্ধন করতে আগ্রহী ব্যক্তিদের বেশ ভিড় ছিল। তবে ডেটা এন্ট্রিতে ধীরগতির কারণে নিবন্ধনকারীদের ভোগান্তি পোহাতে হয়। এদিকে, কাশিপুর ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে নিবন্ধনকারীদের কাছ থেকে সরকার-নির্ধারিত ৫০ টাকার পরিবর্তে ১০০ টাকা করে আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগ অস্বীকার করে কাশিপুর ইউপি চেয়ারম্যান মোমেন সিকদার বলেন, ভাংতি না থাকায় এক ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা রাখা হয়। পরে তাঁকে ৫০ টাকা ফেরত দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আযম বলেন, প্রথমে ইন্টারনেটের কারণে ডেটা এন্ট্রিতে সমস্যা হলেও পরে তা ঠিক হয়ে যায়। তিনি ডেটা এন্ট্রি কাজে জনবল সংকটের কথা স্বীকার করেছেন।