নারায়ণগঞ্জে তরুণীকে ধর্ষণ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গত মঙ্গলবার রাতে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় মামলা হলেও গতকাল বুধবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে (২১) মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, গত মঙ্গলবার রাতে ফতুল্লার ওই তরুণীকে তাঁর প্রতিবেশী আকাশ বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে আকাশ ও তাঁর সহযোগী জুয়েল ও মাসুদ ওই তরুণীকে ধর্ষণ করেন। ধর্ষণের শিকার তরুণী বিষয়টি তাঁর পরিবারকে জানান। ঘটনার খবর পেয়ে পুলিশ মামলা নেয়। ওসি জানান, তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।দৌলতপুর থানার পুলিশ জানায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কিশোরী ১৮ জুন বিদ্যালয় থেকে প্রশংসাপত্র ও নম্বরপত্র নিয়ে দৌলতপুর গ্রামে হেলালের বাড়ির পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় মিজানুর কিশোরীকে হেলালের সহযোগিতায় তাঁর বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। এরপর তাকে ধর্ষণ করেন মিজানুর। বিকেলে বাড়ি ফিরে চেতনা হারিয়ে ফেলে কিশোরী। এরপর তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কিশোরীর মা গত সোমবার মিজানুর ও হেলালকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দৌলতপুর থানায় মামলা করেন।