নারায়ণগঞ্জে তরুণীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী কলেজপাড়া এলাকার একটি পুকুর থেকে উম্মে মরিয়ম জ্যোতি (২২) নামের একজন তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ জ্যোতির লাশ উদ্ধার করে। তিনি এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন, কিন্তু উত্তীর্ণ হতে পারেননি। পুলিশের ধারণা, জ্যোতি পরীক্ষায় ফেল করে অভিমান করে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।জ্যোতি সিদ্ধিরগঞ্জের কদমতলী কলেজপাড়া এলাকার কামাল হোসেনের মেয়ে। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে পড়তেন তিনি। গত বছর তিনি এইচএসসি পরীক্ষায় ফেল করেন। পরে এবার দ্বিতীয়বারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নেন। বুধবার দুপুরে পরীক্ষার ফলাফল জানতে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, গতকাল সকালে বাড়ির পাশের একটি পুকুরে জ্যোতির লাশ ভেসে উঠলে পুলিশ গিয়ে উদ্ধার করে।