নারায়ণগঞ্জে গ্যাস-সংযোগের দাবিতে তিতাস গ্যাসের ঠিকাদারেরা বিক্ষোভ করেছেন। গতকাল রোববার নগরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপকের কার্যালয়ের সামনে তাঁরা এ বিক্ষোভ করেন। ঠিকাদারদের অভিযোগ, সরকারের নির্দেশ অনুযায়ী বৈধ ও অবৈধ গ্রাহকদের গ্যাসের জন্য চাহিদাপত্র (ডিমান্ড নোট) দেওয়ার কথা থাকলেও বৈধ গ্রাহকদের তা দেওয়া হচ্ছে না। এমনকি এক্সটেনশন (বর্ধিত) চুলার জন্যও কোনো চাহিদাপত্র দেওয়া হচ্ছে না। এসব কারণে ঠিকাদারেরা ক্ষতির সম্মুখীন। তাঁরা আরও অভিযোগ করেন, অবৈধ গ্রাহকেরা আগেই অবৈধভাবে গ্যাসলাইন টেনে নিয়েছেন। এ কারণে এখন তাঁদের আর লাইন টানার কোনো কাজ নেই। বৈধ গ্রাহকেরা চাহিদাপত্র পেলে ঠিকাদারেরা কিছু কাজ পাবেন। বৈধ গ্রাহকদের চাহিদাপত্র দেওয়ার দাবি জানান ঠিকাদারেরা। তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাবস্থাপক (ডিজিএম) শামসুজ্জামান বলেন, সরকারি নিয়ম মেনেই সবকিছু করা হচ্ছে। নিয়মের ব্যত্যয় ঘটানো হচ্ছে না।