নারায়ণগঞ্জে তিতাসের কার্যালয় ঘেরাও মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের সংকট নিরসনের দাবিতে গতকাল রোববার নারায়ণগঞ্জ শহরে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে ক্ষুব্ধ এলাকাবাসী। দাবি আদায়ে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে শহরের পাইকপাড়া, দেওভোগ, বেপারীপাড়া, টানবাজার, বাংলাবাজার, বাবুরাইল, ভূঁইয়াপাড়া, বৌবাজার, নামাপাড়া, নয়াপাড়া, জল্লারপাড় এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় তিতাসের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। গ্যাসের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে তারা প্রায় এক ঘণ্টা ওই কার্যালয় ঘেরাও করে রাখে। ক্ষুব্ধ এলাকাবাসী পরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সংকট নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত গ্যাস সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তারা। শহরের ভূঁইয়ারবাগ এলাকার বাসিন্দা সোলায়মান প্রথম আলোকে জানান, গত দুই বছর সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস সংকটে ভুগছি।্রএতে আমাদের পারিবারিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা গৃহবধূ পায়েল চৌধুরী জানান, গ্যাস না থাকায় কেরোসিনের স্টোভ ও লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে। শহরের জল্লারপাড় এলাকার বাসিন্দা গৃহবধূ টুইংকেল বলেন, গ্যাস না থাকায় কেরোসিনের স্টোভে দিয়ে রান্না করতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। ইফতার ও সেহরির রান্না করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্যাসের জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভুগলেও এলাকাবাসী এ ব্যাপারে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেও কার্যকর কোনো ফল হয়নি। তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের মহাব্যবস্থাপক মজিবুল হকের মুঠোফোনে কল দিলে তিনি ফোন ধরেও কথা বলেননি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুর ১২টার দিকে এলাকাবাসী গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও তিতাস গ্যাস অফিসে অবস্থান শেষে চলে যায়।