অবৈধভাবে পরিচালনার অপরাধে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর মধ্যপ্রসন্ন নগর এলাকার তিনটি ভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার তাদের জরিমানা করা হয়।
অধিদপ্তরের নির্বাহী হাকিম মোসাদ্দেক মেহেদী ইমাম পরিচালিত আদালত এ অর্থদণ্ড দেয়।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মোজাহিদুল ইসলাম বলেন, ফতুল্লার ধলেশ্বরী নদীর দুই তীরে অসংখ্য ইটভাটা গড়ে উঠেছে। কিন্তু এসব ভাটার বেশির ভাগই সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী আধুনিক বা জিগজ্যাগ পদ্ধতির নয়। আবার ভাটাগুলোর পরিবেশের ছাড়পত্র নেই। বছরের পর বছর ভাটাগুলো এলাকার পরিবেশ দূষণ করে আসছে। পরিবেশদূষণ, আধুনিক পদ্ধতিতে ভাটা নির্মাণ না করা এবং পরিবেশ ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে ভাটা পরিচালনা করার দায়ে গতকাল দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম মোসাদ্দেক মেহেদী পরিচালিত আদালত বক্তাবলীর মধ্যপ্রসন্ন নগরের আয়নাল ব্রিক ফিল্ড, একতা ব্রিক ফিল্ড ও নারায়ণগঞ্জ ব্রিক ফিল্ডকে ১০ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে আয়নাল ব্রিক ফিল্ডের আংশিক উচ্ছেদ করা হয় এবং ইট পোড়ানোর চিমনি ও ভাটায় পানি ঢেলে দেওয়া হয়।