নারায়ণগঞ্জে তুলার গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইস্পাহানি বাজারে গতকাল মঙ্গলবার একটি তুলার গুদামে অগ্নিকাণ্ড হয়েছে। আগুনে গুদামে রাখা বিপুল পরিমাণ তুলা, কাঁচামাল ও মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বন্দর উপজেলার ধামগড় ইস্পাহানি বাজারে হাজি মোতালেব মিয়ার মালিকানাধীন রাসেল এন্টারপ্রাইজ নামের তুলার কারখানায় গতকাল বিকেলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুন ৩০/৪০ ফুট ওপরে উঠে যায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে গুদামের বিপুল পরিমাণ তুলা ও তিনটি মেশিনসহ বিভিন্ন মালামাল। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।