নারায়ণগঞ্জে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় বিদ্যুৎকেন্দ্র মেরামত, নতুন কেন্দ্র স্থাপন ও তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির ধারা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখা ওই সব কর্মসূচি পালন করে। গতকাল সোমবার শহরের কিল্লারপুল হাজীগঞ্জে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রের সামনে সমাবেশ হয়। সমাবেশে বক্তারা জাতীয় সম্পদ রক্ষায় কমিটির সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। এসব দাবির মধ্যে রয়েছে— তেল-গ্যাসসহ খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাস, দেশের সম্পদ দেশের কাজে ব্যবহার নিশ্চিত করা, কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন ইত্যাদি। সমাবেশে বক্তারা বলেন, ‘কুইক রেন্টাল’ পদ্ধতিতে উচ্চমূল্যে বিদ্যুৎ উৎপাদনের সরকারি সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী। এতে স্বার্থান্বেষী কিছু ব্যক্তি লাভবান হলেও জনগণকে উচ্চমূল্য দিতে হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল সাহা, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাসদের নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির হাফিজুর রহমান, গণসংহতি আন্দোলনের তরিকুল, শ্রমিকনেতা বিমল কান্তি দাস, সেলিম মাহমুদ, অঞ্জন দাস, রফিকুল বাপ্পি, ছাত্রফ্রন্টের সজল বাড়ৈ, ছাত্র ইউনিয়নের সজীব শরীফ প্রমুখ।