নারায়ণগঞ্জে তেল-গ্যাস রক্ষা কমিটির কর্মী সমাবেশ
বিদেশি কোম্পানি ও দুর্নীতিবাজদের কবল থেকে জ্বালানি মন্ত্রণালয়কে মুক্ত করে দেশের সম্পদ দেশের কাজে ব্যবহার নিশ্চিত করা ও খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাস করাসহ বিভিন্ন দাবিতে কর্মী ও সুধী সমাবেশ করেছে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখা।গতকাল শনিবার বিকেলে জেলা শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত একটি মিলনায়তনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিটির নারায়ণগঞ্জ শাখার আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে মূল আলোচনার বিষয় উপস্থাপন করেন কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ। আনু মুহাম্মদ বলেন, ‘বিদেশি বহুজাতিক কোম্পানির কাছে তেল, গ্যাস ও কয়লাখনি ইজারা দেওয়ার জন্য জনগণ ভোট দিয়ে এ সরকারকে নির্বাচিত করেনি।’ তিনি গ্যাস ও বিদ্যুৎ-সংকট নিরসনে জাতীয় কমিটির সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ ছাড়া তিনি নির্যাতন ও হামলা করে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনকে দমাতে সরকারের ভূমিকারও নিন্দা জানান। সমাবেশে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য শফিউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবির নেতা দুলাল সাহা, বাসদের সমন্বয়ক নিখিল দাস, গণফোরামের নেতা দেলোয়ার হোসেন, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ প্রমুখ।