নারায়ণগঞ্জে তোরণ ভেঙে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ
নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকায় গতকাল শনিবার দুর্গাপূজা উপলক্ষে নির্মিত একটি তোরণ ঝড়ে ভেঙে পড়ে। এতে নগরের প্রধান এই সড়কে যান চলাচল আড়াই ঘণ্টা বন্ধ থাকায় তীব্র যানজটে মানুষ ভোগান্তিতে পড়ে।
বেলা সাড়ে তিনটার দিকে তোরণটি ভেঙে পড়ে। খবর পেয়ে পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির লোকজন বিধ্বস্ত তোরণের বাঁশ খুলে সড়ক উন্মুক্ত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে তিনটার দিকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে থাকে। এতে বিশাল আকৃতির ওই তোরণটি ভেঙে পড়লে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধের পাশাপাশি শহরে যানজটের সৃষ্টি হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে বিধ্বস্ত তোরণ সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।
এদিকে একই সময়ে নগরের ডিআইটি মার্কেট এলাকায় করিমী মার্কেটের সামনেও পূজার একটি তোরণ ভেঙে পড়ে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান জানান, ঝড়ে ভেঙে পড়া তোরণটি পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় সড়ক থেকে সরিয়ে নিলে বিকেল সাড়ে পাঁচটার দিকে যান চলাচল শুরু হয়।