নারায়ণগঞ্জে দখলমুক্ত হচ্ছে না ব্রহ্মপুত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের দুই পাশের বিরাট অংশ বেদখল হয়ে গেছে। উপজেলা প্রশাসন ৭৭ জন দখলদারকে চিহ্নিত করে উচ্ছেদ নোটিশ দিলেও কেউ সরেনি।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁয়ের সম্ভুপুরা থেকে অলিপুরা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় ব্রহ্মপুত্রের দুই পাশ দখল করে লোকজন বিপণিবিতান, পাকা ও আধা পাকা ভবন, দোকানপাট নির্মাণ করেছে। এভাবে দখলবাজির কারণে নদের এ ১৫ কিলোমিটার এলাকা সরু হয়ে গেছে। কোথাও দখলদারেরা নদের তীর মাটি দিয়ে ভরাট করেছে। বৃষ্টির সময় এসব মাটি নদে নেমে যাচ্ছে। এতে নদের নাব্যতা কমে গেছে।
হিন্দু ধর্মাবলম্বী লোকজন ও দুই উপজেলার নদের তীরবর্তী বিভিন্ন গ্রামের মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ২০১২ সালে লাঙ্গলবন্দ এলাকায় নদের দুই কিলোমিটার এলাকায় খননকাজ করে। অন্য স্থানে খনন হয়নি। এ ছাড়া জেলা প্রশাসন নদের দুই তীরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করার ঘোষণা দিয়েও অভিযান চালায়নি বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন।
দখলবাজির কারণে নদ সরু হয়ে যাওয়া এবং পলিমাটি জমে নাব্যতা কমে যাওয়ায় প্রতিবছর মার্চ থেকে মে মাস পর্যন্ত মানুষ হেঁটে এ নদ পারাপার হতে পারে। বন্ধ থাকে নৌ চলাচল। নদে পর্যাপ্ত পানি না পেয়ে লাঙ্গলবন্দে প্রতিবছর চৈত্র মাসের তিথিতে অষ্টমী স্নান করতে আসা হিন্দু ধর্মাবলম্বীরা কাদাযুক্ত পানিতে স্নান করতে বাধ্য হন।
নদটি দখলমুক্ত করা এবং খননের জন্য দুই উপজেলার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে গত মে মাসে সোনারগাঁ উপজেলা প্রশাসন ৭৭ জনকে উচ্ছেদ নোটিশ দেয়। তবে প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়নি। লাঙ্গলবন্দ স্নান উদ্যাপন কমিটির সদস্য বিমল রায় বলেন, ‘নদটি দখলমুক্ত ও খনন করার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি।’
স্থানীয় জোয়ারদী গ্রামের আমিনুল হাসান বলেন, ব্রহ্মপুত্র নদের দুই পাশ চর দখলের মতো দখল হয়ে যাচ্ছে। এভাবে দখলবাজি চলতে থাকলে কয়েক বছরের মধ্যে নদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা বলেন, ব্রহ্মপুত্রসহ আশপাশের বিভিন্ন নদী দখলকারীদের তালিকা করে জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। উচ্ছেদ অভিযান এখন সময়ের ব্যাপার।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেন, ‘লাঙ্গলবন্দের স্নান উৎসবের কথা বিবেচনায় নিয়ে এ নদের খনন ও দখলদারদের উচ্ছেদ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ নদের আদি রূপ ফিরিয়ে আনা হবে।’