নারায়ণগঞ্জে দম্পতির লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকার ভাড়া বাড়ি থেকে গতকাল মঙ্গলবার এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ দাবি করেছে, স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার পর স্বামী আত্মহত্যা করেছেন।
নিহত স্বামীর নাম শামীম মিয়া (৩০)। আর স্ত্রীর নাম সুমনা ইসলাম (২৫)। শামীম রাজমিস্ত্রী ও সুমনা পোশাকশ্রমিক ছিলেন।
বাড়িওয়ালা আমির আলী ভেন্ডার জানান, শামীম ও সুমনা তাঁর বাড়িতে ভাড়া থাকতেন। ১ জুলাই তাঁরা বাড়িতে ওঠেন। শামীমের চাচাতো ভাই তৌহিদ ওরফে শহিদ জানান, শামীমের স্ত্রী সুমনার আগে জাহাঙ্গীর নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল। জাহাঙ্গীরের সঙ্গে বিচ্ছেদের পর শামীম সুমনাকে বিয়ে করে ভাড়া বাসায় ওঠেন। একই বাড়িতে তিনিও থাকেন। গত সোমবার রাত ১২টায় শামীমের সঙ্গে তাঁর শেষ কথা হয়। গতকাল সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন শামীমের লাশ জানালার সঙ্গে ঝুলছে আর সুমনার লাশ মেঝেতে পড়ে আছে।