নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জে গত মঙ্গলবার রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন সিএনজিচালিত অটোরিকশার ও একজন টেম্পোর চালক নিহত হয়েছেন। এ ছাড়া টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একই রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারের ছনপাড়া এলাকায় নরসিংদীগামী রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই এর চালক মোস্তফা মিয়া (৪৫) মারা যান। মোস্তফার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দীঘিরপাড় এলাকায়।সিদ্ধিরগঞ্জ থানার ওসি এসএম বদরুল আলম জানান, নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকায় গত মঙ্গলবার রাত দুইটার দিকে একটি যাত্রীবাহী টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বেড়িবাঁধের দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। এতে টেম্পোটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হন টেম্পোচালক ইয়াছিন। ২০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ইয়াছিনের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার গোদনাইল পাঠানটুলি এলাকায়।টাঙ্গাইলের ঘাটাইল থানার ওসি মমিনুর রহমান জানান, ময়মনসিংহের হালুয়াঘাট থানার এসআই মো. আশরাফ হোসেন ভূঁইয়া (৩০) মোটরসাইকেল নিয়ে গত মঙ্গলবার রাতে গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি যাচ্ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে তিনি মারা যান। আশরাফ হোসেনের বাড়ি কালিহাতি পৌরশহরের ভুইয়াকামারর্থি গ্রামে। তাঁর বাবার নাম ইয়াছিন উদ্দিন ভূঁইয়া।