নারায়ণগঞ্জে দুই দল সন্ত্রাসীর সংঘর্ষে আহত ১০
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় আধিপত্য বিস্তার ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। বুধবার রাতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঝুট-সন্ত্রাসী জিলানী ও রকমত গ্রুপের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে জিলানী ও তাঁর লোকজন শহরের পশ্চিম মাসদাইর এলাকায় রকমতের লোকজনকে মারধর করে। এ ঘটনার জের ধরে রকমতের লোকজনও পাল্টা ধাওয়া দেয় জিলানীর লোকজনকে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের ১০ জন আহত হয়। এ সময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, ঝুট ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গোলাগুলির বিষয়টি আমি শুনেছি, তবে নিশ্চিত নই।