নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল মঙ্গলবার একটি মার্কেটের জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। জানা যায়, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ১৪টি ভবনে প্রায় চার হাজার দোকান নিয়ে গড়ে ওঠা মিতালী সমবায় সমিতির মিতালী মার্কেটের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে কমর আলীর সঙ্গে সমিতির লোকজনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, গতকাল ভোরে কমর আলীর নেতৃত্বে শতাধিক লোক বুলডোজার নিয়ে ওই মার্কেটে হামলা চালায়। তারা মার্কেটের একটি ভবনের একাংশ ভেঙে দেয়। মার্কেটের বিভিন্ন দোকানে কর্মরত শ্রমিকদের মারধর করে বের করে দেয়। পরে মার্কেটের লোকজন সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একটি কনটেইনার মুভারে আগুনও ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় বুলডোজারটি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মার্কেটের দোকান মালিক সমিতির সহসভাপতি নুরুল হোসেন মোড়ল অভিযোগ করেন, জমি নিয়ে কমর আলীর সঙ্গে কোনো বিরোধ নেই। চাঁদা না পেয়ে তাঁর নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালায়। জানতে চাইলে মার্কেটের জমির একাংশের মালিকানা দাবিদার কমর আলী বলেন, ‘মালিকানা নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তারা আমার জমি দখল করে মার্কেট নির্মাণ করেছে। আমি আমার জমি উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা আমাদের লোকজনের ওপর হামলা চালায়।’