নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল মঙ্গলবার হরতালের ছবি তোলায় ডেইলি স্টার ও নিউ এজ পত্রিকার দুই ফটোসাংবাদিককে মারধর করে থানায় আটকে রাখে পুলিশ। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।যশোরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছবি তোলায় তিনি সকালের খবর-এর ফটোসাংবাদিককে গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে।ডেইলি স্টার-এর ফটোসাংবাদিক এমরান হোসেন অভিযোগ করেন, বেলা ১১টার দিকে তিনি ও নিউ এজ পত্রিকার ফটোসাংবাদিক সৌরভ লস্কর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিকেটারদের আগুন দেওয়া টায়ারের ছবি তুলছিলেন। এ সময় সিদ্ধিরগঞ্জ থানার এসআই সিরাজুল হকসহ কয়েকজন পুলিশ সদস্য ছবি তুলতে বাধা দেন। সাংবাদিক পরিচয় দিলে সিরাজুল ক্ষুব্ধ হয়ে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে গাড়িতে তুলে শিমরাইল মোড়ে পুলিশ বক্সে নিয়ে যান।সেখানে কয়েকজন পুলিশ তাঁদের লাথি ও কিল-ঘুষি মারতে থাকে। তারা ক্যামেরা ভেঙে ফেলে ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে তাঁদের গাড়িতে তুলে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আটকে রাখা হয়। এদিকে দুই ফটোসাংবাদিককে আটকের খবর পেয়ে সাংবাদিকেরা সিদ্ধিরগঞ্জ থানার সামনের সড়ক অবরোধ করেন। তখন দুই সাংবাদিককে ছেড়ে দেওয়া হলেও তাঁরা থানায় অবস্থান নেন।পরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম থানায় গিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এসআই সিরাজুলকে প্রত্যাহারের নির্দেশ দেন। বিষয়টি তদন্ত করে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামানকে কালের (বুধবার) মধ্যে প্রতিবেদন দিতে বলেন। সাংবাদিকদের ক্যামেরা ভাঙার ক্ষতিপূরণ দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়।এসপি শেখ নাজমুল আলম বলেন, ঘটনাটি দুঃখজনক। অভিযুক্ত এসআই সিরাজুলকে প্রত্যাহার করা হয়েছে। যশোরে হরতাল চলাকালে শহরের দড়াটানা মোড়ে মোটরসাইকেলে চড়ার ছবি তোলার সময় বিএনপির নেতা তরিকুল ইসলাম সকালের খবর-এর ফটোসাংবাদিক রতন সরকারকে গালিগালাজ করে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। অভিযোগ অস্বীকার করে তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ক্যামেরা কেড়ে নেওয়া বা গালিগালাজ করার মতো কোনো ঘটনা ঘটেনি।’