নারায়ণগঞ্জ শহরের কাঠপট্টি খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামা (২৪) এক তরুণের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ নিয়ে গত দুই সপ্তাহে নারায়ণগঞ্জ নগরে অজ্ঞাতনামা তিনটি লাশ উদ্ধার করা হলো। গতকাল পর্যন্ত কোনো লাশের পরিচয় মেলেনি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, শহরের কাঠপট্টি এলাকা থেকে গতকাল সকালে অজ্ঞাতনামা ওই তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি জানান, নিহত তরুণের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল, শরীরে ছিল আঘাতের চিহ্ন। তাঁর পরনে ছিল লুঙ্গি ও বেগুনি রঙের শার্ট। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ ফেলে গেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
এর আগে গত ১৬ অক্টোবর সদর উপজেলার ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকার একটি নর্দমার ভেতর থেকে এক তরুণের মাথা উদ্ধার করে পুলিশ। দুই দিন পর একই এলাকা থেকে ওই তরুণের শরীরের বাকি অংশ উদ্ধার করা হয়। ২৬ অক্টোবর সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আইউব নগর হাউজিং কোম্পানি এলাকা থেকে মাথাবিহীন এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। দুটি ঘটনায় পুলিশ মামলা করেছে।
দুজনের কারও পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন।