নারায়ণগঞ্জে দুই সড়কে অবরোধ পালন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের অপহূত কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলামসহ পাঁচজনকে উদ্ধারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করেছেন কাউন্সিলরের সমর্থকেরা।
একই সময়ে নিখোঁজ জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়ির চালককে উদ্ধারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এক ঘণ্টা অবরোধ করে জেলা আইনজীবী সমিতি।
আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কাউন্সিলরের সমর্থকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে সোয়া একটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এর আগে সকাল ১০টা থেকে চাষাঢ়ার চাঁদমারী এলাকার লিংক সড়ক অবরোধ করেন আইনজীবীরা। পরে বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
কাউন্সিলর নজরুল ইসলামকে উদ্ধারের দাবিতে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা অবরোধ করেন তাঁর সমর্থকেরা।
জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়ির চালককে উদ্ধারের দাবিতে সকালে জেলা আইনজীবী সমিতি আদালতপাড়ায় মিছিল ও সমাবেশ করে। পরে আইনজীবীরা অবরোধ শুরু করেন। অবরোধ শেষে আইনজীবীরা নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন। অবরোধ চলাকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান ২৪ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারকে ফেরত দিতে সময় বেঁধে (আলটিমেটাম) দেন। আগামীকাল সকাল নয়টার দিকে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে তাঁরা সমাবেশ করবেন বলে জানিয়েছেন। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আইনজীবীরা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলামসহ পাঁচজনকে গতকাল রোববার দিনদুপুরে গাড়িসহ অপহরণ করা হয়। নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণ থেকে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে তাঁদের অপহরণ করা হয়। একই সড়ক থেকে প্রায় একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়ির চালক গাড়িসহ নিখোঁজ হন।
আরও জানতে পড়ুন