নারায়ণগঞ্জে দুজন গ্রেপ্তার চুরির কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা এলাকায় সত্যনারায়ণ মন্দির থেকে স্বর্ণের প্রতিমা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে শহরের শীতলক্ষ্যা এলাকার মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলো শীতলক্ষ্যা এলাকার সুমন দাস ও গোপী দাস। মন্দিরে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে সুমন দাস গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল কুদ্দুসের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।তবে চুরির ঘটনার পর তিন দিন অতিবাহিত হলেও স্বর্ণের মূর্তি, স্বর্ণালংকার ও টাকা-পয়সা উদ্ধার করতে পারেনি পুলিশ।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, জবানবন্দিতে সুমন দাস জানিয়েছে, বুধবার রাতে তার নেতৃত্বে চার সদস্যের দল শহরের সত্যনারায়ণ জিউর মন্দির থেকে স্বর্ণের প্রতিমা এবং প্রতিমার স্বর্ণালংকার ও টাকা-পয়সা চুরি করে নিয়ে যায়। চোরাই মালামাল তারা অন্যত্র বিক্রি করে টাকা ভাগাভাগি করে নিয়েছে। অচিরেই মন্দিরে চুরির ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার এবং চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ওসি।বুধবার রাতে শহরের শীতলক্ষ্যা এলাকায় সত্যনারায়ণ জিউর মন্দিরের পেছনের ফটকের তালা ভেঙে চোরেরা তিন ভরি ওজনের একটি স্বর্ণের মূর্তি, দেড় ভরি ওজনের প্রতিমার অলংকার, ছয় ভরি ওজনের রুপার চূড়া, প্রণামীর নগদ ৩০ হাজার টাকাসহ মন্দিরের তামা-কাঁসার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এর আগে রোববার গভীর রাতে শহরের কালীর বাজার সিরাজদৌল্লাহ রোড এলাকায় অবস্থিত কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে।