নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলের বেপারীপাড়ায় জুয়েল হত্যাকাণ্ডের ঘটনায় আদালত দুজনের ফাঁসি ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসরাইল হোসেন এ রায় দেন।আদালত আসামি সৈয়দ আবদুস সালাম ও আলামিনকে তাঁদের উপস্থিতিতে দণ্ডবিধির ৩০২/৩০৪ ধারায় মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা এবং দণ্ডবিধির ২০১ ধারায় সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার করে টাকা জরিমানার নির্দেশ দেন। আদালত ৩০২/৩০৪ দণ্ডবিধির ধারায় শাহ কামাল ও সবুজ ওরফে হানিফকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। এ ছাড়া ২০১ ধারায় তাঁদের দুজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক রয়েছেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাহাঙ্গীর ও সুমনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদুজ্জামান। তাঁকে সহায়তা করেন নবী হোসেন ও এপিপি ফজলুল হক। আসামিপক্ষে ছিলেন আবদুর রশিদ ভূঁইয়া, সুলতানউজ্জামান, প্রদীপ ঘোষ ও সেলিনা বেগম।প্রসঙ্গত, ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর বাবুরাইল বেপারীপাড়া এলাকায় আসামিরা জুয়েলকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় তাঁর বড় ভাই রিপন বাদী হয়ে আবদুস সালামসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন।