নারায়ণগঞ্জে দুটি কারখানা বরগুনায় দুটি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা
বরগুনায় বিষখালী নদী দখল এবং নদীর গতিপথ বাধাগ্রস্ত করার দায়ে দুটি ইটভাটাকে পৌনে নয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীদূষণের দায়ে দুটি কারখানাকে ৩১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তর এ জরিমানা করে। গত মঙ্গলবার প্রথম আলোয় বিষখালী নদী দখল এবং নদীর গতিপথ বাধাগ্রস্ত করাসংক্রান্ত প্রতিবেদন ছাপা হলে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ঘটনা তদন্তে পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয়কে নির্দেশ দেন। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে স্টোন ব্রিকসের মালিক আবুল বাশার ও আরএসবি-২ ব্রিকসের মালিক আবদুর রাজ্জাককে গতকাল পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে তলব করা হয়। মুনীর চৌধুরী স্টোন ব্রিকসকে তিন লাখ ৭৫ হাজার টাকা এবং আরএসবি-২ ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন। ইটভাটা দুটিকে এক সপ্তাহের মধ্যে সব ইট ও মাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুনীর চৌধুরী জানান, পরিবেশ অধিদপ্তর দক্ষিণাঞ্চলে শিগগিরই অবৈধ ইটভাটার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করবে।শীতলক্ষ্যা নদীদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর গত সপ্তাহে নারায়ণগঞ্জে অভিযান চালায়। অভিযানকালে দেখা যায়, আড়াইহাজারের দুপতারা ইউনিয়নের উদয়ন বোর্ড অ্যান্ড পেপার মিল দুই বছর ধরে পরিবেশ ছাড়পত্র ছাড়া পরিচালিত হচ্ছে এবং কারখানাটির তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) নেই। এ ছাড়া নারায়ণগঞ্জ পৌর এলাকার গোদনাইলের বর্ণালী টেক্সটাইল অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের ইটিপিতে মারাত্মক ত্রুটি রয়েছে। দুটি কারখানার বর্জ্য শীতলক্ষ্যা নদীতে পড়ছে। মুনীর চৌধুরী উদয়ন পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক আমানুল্লাহ সরকারকে ২১ লাখ ৯৬ হাজার টাকা এবং বর্ণালী টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদকে নয় লাখ সাত হাজার টাকা জরিমানা করেন। গতকাল উভয় কারখানার মালিককে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে ডেকে এনে এ জরিমানা করা হয়। কারখানার মালিকেরা অপরাধ স্বীকার করে দূষণ বন্ধের অঙ্গীকার করেছেন।