নারায়ণগঞ্জে দুটি কারখানাকে অর্ধকোটি টাকা জরিমানা
বুড়িগঙ্গা নদী দখল ও ভরাট এবং ডায়িংয়ের বিষাক্ত বর্জ্য ফেলে নদীদূষণের দায়ে নারায়ণগঞ্জে দুটি শিল্পপ্রতিষ্ঠানকে অর্ধকোটি টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে নদীর দখল করা স্থান অবমুক্ত এবং বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরে এ অভিযান চালানো হয়।এ সময় পরিবেশ অধিদপ্তর ঢাকার উপপরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. মোস্তাফিজুর রহমান আখন্দ জানান, ধর্মগঞ্জে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরে অবস্থিত তানিয়া টেক্সটাইল মিলস লিমিটেড এবং ইউনিটি ডায়িং অ্যান্ড গার্মেন্টস লিমিটেড নামের দুটি কারখানা বুড়িগঙ্গা নদীর ৭৫ হাজার বর্গফুট তীরভূমি অবৈধভাবে দখল করে নেয়। তারা সেখানে ৯০০ মেট্রিক টন ইট-পাথর ফেলে নদীর তীরভূমি ভরাট করে। প্রতিদিন এই দুটি কারখানা থেকে ১০ মেট্রিক টন কাপড় ডায়িং করা হয়। এই ডায়িংয়ের বর্জ্য পরিশোধন ছাড়াই নদীতে ফেলা হয়। পরিবেশ অধিদপ্তর ওই স্থানে বুড়িগঙ্গা নদীর পানির রাসায়নিক পরীক্ষা করে দ্রবীভূত অক্সিজেন পায় মাত্র ২ দশমিক ৭৮ মিলিগ্রাম। যা সহনীয় মাত্রা থেকে অনেক কম এবং জলজ প্রাণীসহ নদীর পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। মোস্তাফিজুর জানান, তানিয়া টেক্সটাইলকে নদীদূষণের দায়ে ১২ লাখ ২৮ হাজার টাকা ও নদী ভরাটের দায়ে ১১ লাখ টাকা এবং ইউনিটি ডায়িংকে নদীদূষণের দায়ে ২৪ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুটি কারখানাকে নদীদূষণ বন্ধে অবিলম্বে ইটিপি স্থাপন এবং ডায়িং কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এ সময় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ অফিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান টুকু ছাড়াও র্যাবের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।