নারায়ণগঞ্জে দুটি গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের ডাকা অবরোধের চতুর্থ দিন আজ মঙ্গলবার নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসসহ দুটি গাড়িতে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে আহত হন অন্তত পাঁচজন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের ফতুল্লা এলাকায় বোরাক পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসটির সিটসহ ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন দেওয়া গাড়ি থেকে নামতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। এ সময় অবরোধকারীরা একটি কাভার্ডভ্যান ভাঙচুর করে। বাধা দিলে তারা আরিফ চৌধুরী নামের এক ব্যক্তির মাথা ফাটিয়ে দেয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, সকাল আটটার দিকে শহরের কিক্ষারপুল এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ঝটিকা মিছিল থেকে দুরন্ত পরিবহনের একটি হিউম্যান হলারে আগুন দেন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, দুরন্ত পরিবহনের গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।