নারায়ণগঞ্জে রপ্তানিমুখী দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় ওই দুই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে গতকাল বুধবার পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফতুল্লার কাঠেরপুল এলাকায় অবস্থিত মাইক্রো ফাইবার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান লিবার্টি নিটওয়্যার লিমিটেড ও মিডল্যান্ড নিটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা গতকাল সকালে যথাসময়ে কাজে যোগ দিতে কারখানায় আসেন। কারখানায় ঢোকার সময় তাঁরা দেখতে পান কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রধান ফটকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে কারখানার সামনে বিক্ষোভ মিছিল বের করেন। শ্রমিকেরা মিছিল নিয়ে ফতুল্লা শিল্পাঞ্চলের তক্কার মাঠ এলাকায় জমায়েত হওয়ার চেষ্টা করেন। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের বাগিবতণ্ডা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। বেধে যায় সংঘর্ষ। পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিক জামান মিয়া, কলিমউদ্দিন, হাজেরা বেগম, সাজেদা খাতুন, সুমাইয়া আক্তার, আবুল কাশেম, আবু সিদ্দিকসহ কমপক্ষে ১৫ জন আহত হন। আহত শ্রমিকদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কারখানার শ্রমিকেরা জানান, গত সোমবার কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের রাত ১০টার মধ্যে একটি কাজ শেষ করার নির্দেশ দেয়। কিন্ত ওই কাজ রাত নয়টার মধ্যেই শেষ করে তাঁরা চলে যান। পরদিন শ্রমিকদের চার ঘণ্টার ওভারটাইমের টাকা দেওয়া হয়। কিন্তু শ্রমিকেরা রাত ১০টা পর্যন্ত পাঁচ ঘণ্টার ওভারটাইম দাবি করেন। এ নিয়ে মঙ্গলবার তাঁরা সামান্য রকমের বিক্ষোভ করেন। গতকাল সকালে তাঁরা কাজে এসে দেখেন কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।মাইক্রো ফাইবার লিমিটেড গ্রুপের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক শাহাদাত হোসেন খান জানান, শ্রমিকেরা অযৌক্তিকভাবে কাজের সময়ের চেয়ে বেশি ওভারটাইম দাবি করে আসছিলেন। তাঁরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসলেও শ্রমিকেরা তাঁদের দাবিতে অনড় থাকেন। বাংলাদেশে নিটপণ্য প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর লেবার অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান জি এম ফারুক জানান, বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার সন্ধ্যায় সমঝোতা বৈঠকে বসা হলেও শ্রমিকেরা তাঁদের সিদ্ধান্তে অনড় থাকায় কোনো সমাধান হয়নি।