নারায়ণগঞ্জে দুটি বাসে শিবিরের অগ্নিসংযোগ
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় গতকাল রোববার রাতে জামায়াত-শিবিরের কর্মীরা দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল রাত আটটার দিকে নগরের উত্তর চাষাঢ়া এলাকা থেকে জামায়াত-শিবিরের ২০-২৫ জন কর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। তাঁদের অনেকের কাঁধেই ব্যাগ ছিল। চাষাঢ়া মোড়ে পৌঁছে মিছিলকারীরা ব্যাগ থেকে ইট বের করে একটি বাসে ছুড়ে মারেন। ভাঙচুর করেন বাসটি। এ সময় তাড়াহুড়া করে বাস থেকে নামতে গিয়ে যাত্রীদের অনেকেই আহত হন। একপর্যায়ে শিবিরের কর্মীরা পেট্রল ঢেলে বাসে আগুন ধরিয়ে দেন। পরে অগ্নিনির্বাপণকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।একই কায়দায় চাষাঢ়ায় কেয়ার হাসপাতালের সামনে মিছিলকারীরা শ্রমিকদের বহনকারী একটি বাসে আগুন ধরিয়ে দেন। একপর্যায়ে শ্রমিকদের ধাওয়া খেয়ে শিবিরের কর্মীরা পালিয়ে যান। শ্রমিকেরা বাসের আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। এ ঘটনায় নগরে তীব্র যানজটের সৃষ্টি হয়।