নারায়ণগঞ্জে ধাওয়া দিয়ে ডাকাত ধরল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের দুই উপজেলায় তিন বাড়িতে ডাকাতি হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার ভোরে বন্দরে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। পালানোর সময় লোকজন ধাওয়া দিয়ে তিন ডাকাতকে আটক করে। পরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
কুতুব উদ্দিন মোল্লা নামের একজন ভুক্তভোগী সাংবাদিকদের বলেন, ভোর চারটার দিকে পাঁচ-ছয়জনের মুখোশধারী একদল ডাকাত বন্দর উপজেলার নয়ানগর মুকফুলদী গ্রামে তাঁর বাড়িতে গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় ডাকাতেরা তাঁকে ও তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে আলমারি খুলে ১১ হাজার টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন লুট করে।
মোহসীন মোল্লা নামের আরেকজন বলেন, গতকাল ভোরে ছয়-সাতজনের ডাকাতদল তাঁর ভবনের গেট কেটে ভেতরে ঢোকে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে ও তাঁর ভাইকে রক্তাক্ত জখম করে। এ সময় তাঁর স্ত্রী পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার দেন। এতে এলাকার লোকজন ছুটে আসে। পরে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। লোকজন তাদের ধাওয়া দেয়। সেলসারদী এলাকায় গিয়ে তিন ডাকাতকে আটক করে পিটুনি দেয় লোকজন। ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক করা দুই ডাকাত হলো বরিশালের বানারীপাড়া থানার বাংলাবাজার এলাকার আল আমিন ও সোনাকান্দা ব্যাপারী পাড়া এলাকার সোহাগ। অন্য জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এ ঘটনায় কুতুব উদ্দিন মোল্লা বাদী হয়ে মামলা করেছেন। অজ্ঞাতনামা ওই ডাকাত গণপিটুনিতে গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে আড়াইহাজারে এক আইনজীবীর বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আইনজীবী ইমরান হোসেনের বাড়িতে ১৪-১৫ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। পরে আলমারি ও শোকেস ভেঙে ২০ হাজার টাকা, প্রায় চার ভরি স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে।
ভুক্তভোগী ইমরান হোসেন বলেন, ডাকাতেরা চলে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার দিলে গ্রামের বাসিন্দারা ছুটে আসে। ডাকাতদল পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।