নারায়ণগঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় নকল কীটনাশক তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। গতকাল শনিবার দুপুরে ফতুল্লার গিরিধারা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১১-এর সদস্যরা বিপুল পরিমাণ নকল কীটনাশকসহ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন। গ্রেপ্তার করা হয়েছে কারখানার মালিকসহ ছয়জনকে।শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র‌্যাব-১১ স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির ইনচার্জ মেজর মোহাম্মদ সাঈদ জানান, সিলিকন বালুর সঙ্গে এক ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে তা কীটনাশক হিসেবে তৈরি করত। পরে তা র‌্যাভেন এগ্রো কেমিক্যাল লিমিটেডের বাসুদেব ডায়াজিনন, অর্ক এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অর্ক ফুরান, গ্রিন ফুরান, সবুজ বাংলা এগ্রো কেমিক্যাল লিমিটেডের ব্রিডানসহ ছয়টি কোম্পানির নামে মোড়কে তা বাজারজাত করে আসছিল। এই কীটনাশক ধানখেতের বিভিন্ন পোকামাকড় ধ্বংস করার জন্য কৃষকদের কাছে বিক্রি করা হতো।গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদে র‌্যাব-১১-এর একটি দল অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক কারখানাটির সন্ধান পায়। তারা ওই কারখানা থেকে বিপুল পরিমাণ নকল কীটনাশক ও তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় কারখানার মালিক সাইফুল ইসলামসহ ছয়জনকে। গ্রেপ্তার অন্যরা হলেন: কর্মচারী লেবু (৩০), হামিদুল (৩৩), মিরাজ (৩৪), তোতা (৩৮) ও আমির উদ্দিন (৪০)। উদ্ধার করা হয়েছে দুই হাজার ৩০৮টি নকল কীটনাশকের প্যাকেট, ১৫০ বস্তা বালু ও নকল কীটনাশক তৈরির সরঞ্জামাদি। মেজর মোহাম্মদ সাঈদ আরও জানান, এসব কীটনাশক উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বাজারজাত করা হতো। এসব কীটনাশক কিনে কৃষকেরা যেমন প্রতারণার শিকার হচ্ছেন, অন্যদিকে এতে ফসলের জমির উর্বরতা নষ্ট হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ভেজাল কীটনাশক কারখানার মালিক সাইফুল ইসলাম জানান, এভারগ্রিন বাংলাদেশের স্বত্বাধিকারী আজাদ রহমানের পরামর্শে তিনি কারখানাটি খোলেন। এ কারখানায় সিলিকন বালুর সঙ্গে টেনিস নামক লিকুইড মিশিয়ে তা নকল কীটনাশক তৈরি করে প্যাকেটজাত করা হতো। প্যাকেটগুলো আজাদ ঝিনাইদহ নিয়ে যেতেন। সপ্তাহে তাঁরা দুই টন সরবরাহ করতেন। তাঁদের প্রতি টন মিশ্রণ বাবদ সাত হাজার টাকা দিতেন আজাদ রহমান। দু-তিন মাস ধরে তিনি এই ভেজাল কীটনাশক তৈরি করছেন। পরে তা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বাজারজাত করেন। প্রতি এক কেজির প্যাকেটে এসব কীটনাশক বাজারজাত করা হতো বলে তিনি জানান। নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শওকত ওসমান জানান, ভেজাল কীটনাশক ব্যবহারের ফলে জমির উর্বরতাশক্তি কমে যায়। এটি জমির জন্য খুবই ক্ষতিকর। উদ্ভিদ সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারে না। উদ্ভিদ মারা যায়। তা ছাড়া কারখানাটির বৈধ কোনো কাগজপত্র বা সাইনবোর্ড নেই। এসব কীটনাশকে কী পরিমাণ রাসায়নিক উপাদান রয়েছে, তা ল্যাবরেটরিতে পরীক্ষা করা ছাড়া বলা মুশকিল। তিনি বলেন, একই পাত্রের কীটনাশক বিভিন্ন নামে মোড়ক করা হচ্ছিল।