নারায়ণগঞ্জে নগর যুবদলের আহ্বায়ক কমিটির পক্ষে বন্দর যুবদলের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ নগর যুবদলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করেছে বন্দর থানা যুবদল। গতকাল শুক্রবার বিকেলে মিছিলটি ফরাজীকান্দা বিএনপির অফিস থেকে শুরু হয়ে বন্দরের সোনাকান্দা এলাকায় এসে শেষ হয়। বন্দর থানা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, বন্দর পৌর যুবদলের আহ্বায়ক আমির হোসেন ও সদস্যসচিব আলী আহাম্মদ এতে নেতৃত্ব দেন। বন্দর থানা যুবদলের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে শোভাযাত্রা-পূর্ব সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, বন্দর থানা বিএনপির সভাপতি নূরুদ্দিন হাজি, বন্দর পৌর বিএনপির সভাপতি নূর মোহামঞ্চদ প্রমুখ। বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসনের অনুমোদন সাপেক্ষে কেন্দ্রীয় যুবদল নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি নির্বাচন করেছে। দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে কেন্দ্রের করে দেওয়া কমিটির বিরুদ্ধে কথা বলে কেউ কোনো সুবিধা নিতে পারবে না। কারও ব্যক্তিস্বার্থে কিংবা জনবিচ্ছিন্ন অরাজনৈতিক ব্যক্তির হীন ষড়যন্ত্রের কাছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল আপস করবে না বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। ৪ এপ্রিল নগর যুবদলের সাধারণ সম্পাদক মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে আহ্বায়ক করে ৩৪ সদস্যের নগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পরে কমিটির পক্ষে ও বিপক্ষে মিছিল-সমাবেশ করে যুবদলের দুটি গ্রুপ। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।