নারায়ণগঞ্জে নাগরিক সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জে গ্যাস, বিদ্যুত্, পানিসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের দাবিতে ব্যানার, ফেস্টুন ও মুলা নিয়ে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ শহর উন্নয়ন কমিটি। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের চাষাঢ়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। নারায়ণগঞ্জ শহর উন্নয়ন কমিটির সভাপতি এ টি এম কামালের সভাপতিত্বে বক্তৃতা করেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, বিএমএর নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. শাহ্ নেওয়াজ, বাংলাদেশ মহিল সংঘের জেলা সভাপতি শাহানা খানম প্রমুখ।বক্তারা বলেন, নারায়ণগঞ্জে দীর্ঘদিন গ্যাস-সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাস-সমস্যা সমাধানের দাবিতে এলাকাবাসী আন্দোলন সংগ্রাম করেছে। এলাকাবাসী নাগরিক সমস্যা নিয়ে যখন আন্দোলন সংগ্রাম করে, তখন প্রশাসন প্রতিশ্রুতির মুলা ঝুলিয়ে নগরবাসীকে শান্ত করে। অবিলম্বে সব নাগরিক সমস্যা সমাধান করতে হবে। না হলে নারায়ণগঞ্জবাসী আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা।