নারায়ণগঞ্জে নিখোঁজ তিন ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে নিখোঁজ থাকার পর তিন ব্যক্তির লাশ গতকাল রোববার তিনটি স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর থেকে আপন মিয়া (৩৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। রূপগঞ্জে পাওয়া যায় দশম শ্রেণীর ছাত্র আল আমিন (১৬) ও অজ্ঞাতনামা ‘মানসিক প্রতিবন্ধী’ এক যুবকের লাশ।
এঁদের মধ্যে আপন মিয়া পাঁচ দিন, অজ্ঞাতনামা যুবক চার দিন ও স্কুলছাত্র আল আমিন এক দিন ধরে নিখোঁজ ছিলেন।
পাটের বস্তার ব্যবসায়ী আপন মিয়া বন্দর উপজেলার রামনগর এলাকার আলীনূরের ছেলে। আর রূপগঞ্জের দক্ষিণ রূপসী এলাকার কাঞ্চন মিয়ার ছেলে আল আমিন রূপসী নিউ মডেল স্কুলে পড়ত।
এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আসাদুজ্জামান জানান, শনিবার রাত নয়টার দিকে দক্ষিণ রূপসী এলাকার বাড়ি থেকে কে বা কারা মুঠোফোনে আল আমিনকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। গতকাল দুপুরে রূপসী স্লুইসগেট এলাকার ডেকোর মাঠে এলাকার লোকজন লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, একই ক্লাসের এক ছাত্রীর সঙ্গে আল আমিনের প্রেমের সম্পর্ক ছিল। এই নিয়ে ওই ছাত্রীর বাবা আল আমিনসহ তার পরিবারকে হুমকিও দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ওই মেয়ের মামা ও আরও কয়েকজন মিলে আল আমিনকে হত্যার পর লাশ ফেলে গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মেয়ের মা ও মামাকে আটক করা হয়েছে।
এর আগে গতকাল বেলা ১১টার দিকে রূপগঞ্জের তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, ওই যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি এলাকায় ঘুরে বেড়াতেন। চার দিন ধরে তাঁকে এলাকায় দেখা যায়নি। গতকাল পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এর আগে গত শুক্রবার দুপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় রূপগঞ্জের কুলিয়াদী গ্রামের স্কুলশিক্ষক মেহেদী হাসানকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
ব্যবসায়ী আপনের ভাই আমানত জানান, বন্দরের রামনগর এলাকার সেলিম, সুমন ও নূর আলম ২৫ মার্চ রাতে ফোন করে আপনকে ডেকে নিয়ে যান। এরপর আর আপন বাসায় ফেরেননি। এ ব্যাপারে ২৭ মার্চ বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
আমানত জানান, গতকাল সন্ধ্যায় অজ্ঞাতনামা এক ব্যক্তি তাঁকে ফোন করে জানান, তাঁর ভাইয়ের লাশ শীতলক্ষ্যা নদীর তীরে সিদ্ধিরগঞ্জ বাজার খেয়াঘাটে রয়েছে। পরে তিনি সেখানে নদীর পাড়ে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে আংশিক মাটিচাপা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, শীতলক্ষ্যা নদীর তীর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।