নারায়ণগঞ্জে নির্বাচন সামনে রেখে অভিযান, গ্রেপ্তার ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন। অভিযানের অংশ হিসেবে রোববার গভীর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: হানিফ, আলাল মোল্লা, হারুন ও মনির হোসেন। অন্যদিকে বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আ. হালিম (৩০), মামুন (৩০), তানজিল (২০), নজরুল (৩০), উজ্জ্বল (২৪), রোমান (২৭), বিল্লাল (৪০), ডলার (৩৭), আলিম উদ্দিন (৪০) ও রাজা মিয়া (৩৫)। পুলিশ তাঁদের বিভিন্ন মামলায় আদালতে পাঠায়। জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে রোববার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার্র ত্রিবরদি এলাকায় পুলিশের পোশাক পরে ডাকাতির চেষ্টাকালে দুই ভুয়া পুলিশসহ চারজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানার পুলিশ। তাঁদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাপ, একটি ওয়াকিটকি, দুই সেট পুলিশের ইউনিফর্ম, পুলিশের বাঁশি, দুটি ধারালো চাকু, পাঁচটি অফিশিয়াল ফাইল উদ্ধার করা হয়েছে। বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, ডাকাতসহ এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।অন্যদিকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, রাত তিনটায় বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে লক্ষ্মণখোলা এলাকার আ. হামিদ মিয়ার ছেলে আ. হালিম, আলাউদ্দিন মিয়ার ছেলে মামুন হোসেন, কুড়িপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে নজরুর ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে উজ্জ্বল হোসেন রবিন, আ. সালাম মাস্টারের ছেলে হাফেজ আহাম্মদ ডলার, চাঁপাতলী এলাকার মৃত আবুল কাশেমের ছেলে রোমান, মৃত নান্নু ভূঁইয়ার ছেলে বিল্লাল হোসেন, হরিপুর এলাকার মৃত আ. রহমান মিয়ার ছেলে আলিম উদ্দিন ও হাজি রফিক পাঠানের ছেলে রাজা মিয়াকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাঁদের আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে তাঁদের জেলহাজতে পাঠান।