নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর
রাজধানীতে ২০ বছরের পুরোনো যানবাহন চলাচল নিষিদ্ধ ও ট্রাক প্রবেশের সময়সীমা কমিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় আড়াই ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ (পুরাতন) সড়ক অবরোধ করে রাখেন পরিবহনশ্রমিকেরা।প্রত্যক্ষদর্শীরা জানান, পাগলা থেকে শ্যামপুর পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তায় কয়েক হাজার শ্রমিক লাঠিসোঁঠা নিয়ে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। এ সময় তাঁরা দফায় দফায় মিছিল করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা আট-দশটি গাড়ি ভাঙচুর করেন। শ্রমিকেরা সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। এ সময় রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ করেই পরিবহনশ্রমিকেরা কয়েকটি খণ্ড খণ্ড মিছিল নিয়ে পাগলার মেরি এন্ডারসনের সামনে থেকে শ্যামপুর পর্যন্ত যান। এ সময় তাঁরা রাস্তায় অবরোধ সৃষ্টি করেন।আন্দোলনরত ট্রাকশ্রমিকেরা বলেন, আগে রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত রাজধানীতে ট্রাক প্রবেশের অনুমতি ছিল। এখন এই সময় কমিয়ে রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত করা হয়েছে। তাঁদের দাবি, এই কয়েক ঘণ্টা সময়ের মধ্যে মালামাল লোড-আনলোড শেষ করা যাবে না।কয়েকজন বাসচালক বলেন, রাজধানীতে পুরোনো গাড়ি চলাচল নিষিদ্ধ করার ফলে অনেক শ্রমিক বেকার হয়ে পড়বেন। এতে তাঁরা চরম দুর্ভোগে পড়বেন।ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার বলেন, অবরোধ তাঁর এলাকার ভেতর পড়েনি।পরে অবশ্য অবরোধ প্রত্যাহারে ফতুল্লা থানার পুলিশকে তৎপর হতে দেখা যায়। রাত নয়টায় শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন।