নারায়ণগঞ্জে পাঁচ খুন, আরেক আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে দুই শিশুসহ পাঁচ খুনের ঘটনায় শরীয়তপুর থেকে গ্রেপ্তার এজাহারভুক্ত আসামি নাজমা বেগমকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম আশেক ইমামের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ নিয়ে এই ঘটনায় নাজমা বেগম ও নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলামের ভাগনে মাহফুজসহ মোট দুজনকে গ্রেপ্তার করা হলো। ভাগনে মাহফুজ ৭ দিনের রিমান্ডে আছেন। এদিকে ঘটনার ৪ দিন হলেও মামলার অগ্রগতি প্রসঙ্গে পুলিশ সুপার জানিয়েছেন, হত্যার রহস্য উদঘাটনে আরও কিছুদিন সময় লাগবে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মহিবুল ইসলাম খান বলেন, তাঁর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল শরীয়তপুর জেলার ডামুড্যা সেদেলকুড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাজমা বেগমকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করেন। মামলার বাদী নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম মামলার এজাহারে নাজমা বেগমের নামও উল্লেখ করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের বলেন, নাজমা নিহত তাসলিমার কাছে টাকা পাওনা ছিল বলে স্বীকার করেছেন। তিনি গত ১৫ জানুয়ারি তাসলিমার বাড়িতেও গিয়েছিলেন। যেহেতু বাদী এজাহারে তাঁকে অভিযুক্ত করেছেন তাই গ্রেপ্তার করা হয়েছে।