নারায়ণগঞ্জে পাঁচ খুন মামলায় দুই বিচারকের সাক্ষ্য প্রদান
নারায়ণগঞ্জে পাঁচ খুনের মামলায় দুই বিচারক আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তাঁরা সাক্ষ্য দেন।
এই দুই বিচারক হলেন তৎকালীন বিচারিক হাকিম ও বর্তমানে শরীয়তপুরের যুগ্ম জেলা জজ এইচ এম শফিকুল ইসলাম এবং তৎকালীন বিচারিক হাকিম ও বর্তমানে নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজ সাইদুজ্জামান শরীফ। এই মামলায় ৩০ জন সাক্ষীর ১৭ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
২০১৬ সালের ১৫ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল খানকা মোড় এলাকায় ‘আশেক আলী ভিলা’ নামের একটি বাড়ির ফ্ল্যাটে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী বাড়ির ফ্ল্যাটের তালা ভেঙে তাঁদের লাশ উদ্ধার করে। নিহত পাঁচজন হলেন তাসলিমা আক্তার (৪০), তাঁর ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), জা লামিয়া (২৫) ও ভাই মোরশেদুল (২৫)।
এ ঘটনায় নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে ভাগনে মাহফুজ, ঢাকার কলাবাগানের ঋণদাতা নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। ওই রাতেই মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরের দিন গ্রেপ্তার করা হয় শফিকুল ইসলামের ভাগনে মাহফুজকে। ২১ জানুয়ারি আদালতে মাহফুজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর জবানবন্দি নেন দুই বিচারক এইচ এম শফিকুল ইসলাম ও সাইদুজ্জামান শরীফ।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের ভাগনে মাহফুজকে আসামি করে এবং অন্যদের অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।