নারায়ণগঞ্জে পাঁচজনকে হত্যায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে একই পরিবারের পাঁচজন খুন হওয়ার পর আজ রোববার ভোররাতে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
নারায়ণগঞ্জে একই পরিবারের পাঁচজন খুন হওয়ার পর আজ রোববার ভোররাতে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

নারায়ণগঞ্জ শহরে বাসার মধ্যে একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় আজ রোববার মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় একটি বাসার ফ্ল্যাটে একই পরিবারের পাঁচজনের লাশ পাওয়া যায়।
নিহত ব্যক্তিরা হলেন তাসলিমা বেগম (৪০), তাঁর ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২৫) ও তাসলিমার জা লামিয়া (২৫)।
প্রবাসী ইসমাইল হোসেনের পাঁচতলা বাড়ির নিচতলার পূর্ব দিকের ফ্ল্যাটে ভাড়া থাকত তাসলিমা ও তাঁর স্বামী শফিকুল ইসলামের পরিবার।
ওই হত্যাকাণ্ডের ঘটনায় আজ দুপুরে তাসলিমার স্বামী শফিকুল বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, অজ্ঞাত পাঁচ-ছয়জন ব্যক্তিকে মামলায় আসামি করেছেন বাদী।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত তারা পাঁচজনকে আটক করেছে।
ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তিদের লাশ ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশের ধারণা, গতকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কোনো একসময় ওই পাঁচজনকে হত্যা করা হয়ে থাকতে পারে। খবর পেয়ে তারা রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
পাঁচজনকে হত্যার খবর পেয়ে রাতেই পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

রাত ১২টার দিকে ঢাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় দুই ঘণ্টা ধরে তদন্ত করে।

সিআইডির কাজ শেষ হলে লাশের সুরতহাল করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ। ভোররাত চারটার দিকে পুলিশ লাশ পাঁচটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।