নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কৃষিজমি ধ্বংস ও বায়ুদূষণের দায়ে পাঁচটি ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বন্দর উপজেলার কেওঢালা এলাকায় মাত্র দুই কিলোমিটারের মধ্যে আছে ১১টি ইটভাটা। এ কারণে ওই এলাকায় ভয়াবহ বায়ুদূষণ ঘটছে। পরিবেশ অধিদপ্তর এই এলাকায় বিশেষ অনুসন্ধান চালিয়ে সাতটি ইটভাটাকে পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করে। এর মধ্যে মেসার্স আনন্দ ব্রিকস, সেভেন জিরো সেভেন ব্রিকস, মেসার্স খান ব্রিকস, মেসার্স আওলাদ ব্রিকস ও মেসার্স জামাল ট্রেডার্স নামের পাঁচটি ইটভাটাকে পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব ইটভাটা পরিবেশ আইন অমান্য করে দুই একরের বেশি জমি ব্যবহার করায় এলাকায় কৃষিজমির আয়তন সংকুচিত এবং কৃষি উৎপাদন হ্রাস পেয়েছে। বায়ুদূষণ বন্ধ ও ভাটার আয়তন দুই একরের মধ্যে সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে ওই পাঁচটি ইটভাটাকে।