নারায়ণগঞ্জে পাটের গুদাম ও পোশাক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গত রোববার রাতে পৃথক স্থানে একটি পাটের গুদাম ও পোশাক তৈরির কারখানায় আগুন লাগে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের শীতলক্ষ্যা এলাকায় মাধব চন্দ্র সাহার মালিকানাধীন পাল অ্যান্ড কোম্পানির পাটের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। শহরের মণ্ডলপাড়ার দুটি ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মালিকপক্ষের দাবি, আগুনে অন্তত তিন হাজার মণ পাট পুড়ে গেছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, গুদামটির ভেতরে বিদ্যুৎ-সংযোগ ছিল না। কীভাবে আগুনের সূত্রপাত হয়, তা খতিয়ে দেখা হচ্ছে। রোববার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার কুতুবপুরের নয়ামাটি এলাকায় রপ্তানিমুখী পোশাক কারখানা ইউরো টেক্স লিমিটেডের পাঁচতলা ভবনের দোতলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা অন্য তলাগুলোতেও ছড়িয়ে পড়ে। শহরের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ, ডেমরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঢাকা হেডকোয়ার্টার্স ও পোস্তগোলা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট এসে তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও সকাল ১০টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।আগুনে কারখানার গুদামে রাখা বিপুল পরিমাণ তৈরি পোশাক, সুতা, কাপড়সহ মেশিন ও আসবাব পুড়ে গেছে। ঈদের ছুটির কারণে কারখানাটি বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।