নারায়ণগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জের এম সার্কেস এলাকায় গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে একটি পাটের গুদামে আগুন লেগে বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে।খবর পেয়ে নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গুদামের আগুন পুরোপুরি নেভাতে আরও দু-তিন দিন সময় লাগবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, শহরের হাজীগঞ্জের এম সার্কেস এলাকায় অবস্থিত জোহা অ্যান্ড ব্রাদার্সের গুদাম ভাড়া নিয়ে সেখানে বিপুল পরিমাণ পাট মজুত করে পাল অ্যান্ড কোম্পানি সন্স ও ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স। গতকাল সকাল ১০টার দিকে আকস্মিকভাবে ওই গুদামের পাটের বেলে আগুন লাগে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ২০-৩০ ফুট ওপরে ওঠে। এতে গুদামে রাখা বিপুল পরিমাণ পাটসহ গুদামের টিন পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুদামের টিন ভেঙে আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু গুদামটি পাটবোঝাই থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। বিকেল পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও গুদামের ভেতরে আগুন জ্বলছিল।কয়েক মাস আগে শহরের শীতলক্ষ্যা এলাকায় পপুলার জুট এক্সচেঞ্জ প্রাঙ্গণে পাল অ্যান্ড কোম্পানি সন্সের পাটের গুদামে একইভাবে আগুন লাগে।গতকালের অগ্নিকাণ্ডের পর গুদামের মালিক ও জোহা অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক ইফতে খায়রুল ইসলাম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে কোম্পানির মালিকানা নিয়ে সৃষ্ট জটিলতায় ওই অগ্নিকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখার অনুরোধ করেন তিনি।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক কে এম সাইফুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও গুদামের পাটের বেলের ভেতরে আগুন জ্বলছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দু-তিন দিন সময় লাগবে। আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গুদামটিতে ১৫ থেকে ২০ হাজার মণ পাট ছিল। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে সময় লাগবে।