নারায়ণগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ড, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে তোলারাম মোড় এলাকার একটি পাটের গুদামে গতকাল সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে গুদামের প্রায় সাড়ে তিন হাজার মণ পাট পুড়ে গেছে বলে মালিকপক্ষের দাবি। এর আনুমানিক দাম ৪০ লাখ টাকা।ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে তাঁদের দুই কর্মীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের নিতাইগঞ্জে তোলারাম মোড় এলাকায় অবস্থিত পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেডের পি ব্লকের ৩ নং পাটের গুদামে ভোর পাঁচটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ফারুক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। বেলা সাড়ে ১১টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপক (অর্থ) আবুল খায়ের বলেন, তাঁদের গুদাম থেকে বিদেশে পাট রপ্তানি করা হয়। আগুনে গুদামের প্রায় সাড়ে তিন হাজার মণ পাট পুড়ে গেছে, যার দাম ৪০ লাখ টাকা। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, আগুন নেভাতে গিয়ে আহত ব্যক্তিদের মণ্ডলপাড়া ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় গুদামের ব্যবস্থাপক (অর্থ) একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।