নারায়ণগঞ্জে পাটের তিন গুদামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে তিনটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামের টিনের চালাগুলো ভেঙে পড়েছে। পুড়ে গেছে গুদামে রাখা বিপুল পরিমাণ পাট। গতকাল রোববার সকালে নগরের শীতলক্ষ্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে শীতলক্ষ্যা এলাকায় অবস্থিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে ভাড়া নেওয়া সাত্তার জুট ফাইবার কোম্পানির ১৫ নম্বর টিনশেড গুদামে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন পাশের ১২ ও ১৩ নম্বর টিনশেড গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের তাপে টিনের চালা ভেঙে পড়ে। আগুনে ওই কারখানার বিপুল পরিমাণ পাট পুড়ে যায়। খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সাত্তার জুট ফাইবারের ব্যবস্থাপক (পাট ক্রয়) শফি উদ্দিন আহম্মেদ বলেন, ‘আগুনের খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে আসি। কীভাবে আগুন লেগেছে, আমাদের সরদার ও শ্রমিকদের কাছে জানতে চাইলে তাঁরা আমাকে জানিয়েছেন, আমাদের গুদামের পেছনে বৈদ্যুতিক ট্রান্সফরমার রয়েছে। সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে গুদামে আগুনের সূত্রপাত। আগুনে আমাদের তিনটি গুদামে থাকা বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে।’
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, ‘আগুন ওই তিনটি গুদামের ভেতরেই সীমাবদ্ধ রয়েছে। যেহেতু পাটের আগুন, তাই আগুন পুরোপুরি নেভাতে আমাদের আরও সময় লাগতে পারে। সেটি ২৪ ঘণ্টা থেকে এমনকি কয়েক দিনও লাগতে পারে।’ তিনি বলেন, কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি। এর কারণ অনুসন্ধান করা হচ্ছে।