নারায়ণগঞ্জে পানির দাবিতে বিক্ষোভ
নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় গতকাল সোমবার ওয়াসার পানি সরবরাহের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় এলাকার কয়েক শ নারী-পুরুষ ঝাড়ু ও কলস নিয়ে মিছিল বের করে। একপর্যায়ে তারা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, শহরের কিল্লারপুল, হাজীগঞ্জ, খানপুরসহ বেশ কয়েকটি এলাকার ওয়াসার গ্রাহকেরা দুই বছর ধরে পানি পাচ্ছে না। তাদের শীতলক্ষ্যা নদী ও আশপাশের গার্মেন্টস থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। গতকাল সকাল ১০টার দিকে কিল্লারপুল এলাকার কয়েক শ নারী-পুরুষ ওয়াসার পানি সরবরাহের দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে রাস্তার ওপর বসে এ সমস্যার সমাধানের দাবি জানায়। ফলে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে এলাকাবাসী মিছিল নিয়ে শহরের মিশনপাড়া এলাকায় অবস্থিত ঢাকা ওয়াসার নারায়ণগঞ্জ মডস কার্যালয় ঘেরাও করে। এ সময় ওয়াসার কর্মকর্তারা আগামী সাত দিনের মধ্যে পানির সমস্যার সমাধান দেওয়ার আশ্বাস দিলে তারা শান্ত হয়। এলাকাবাসী জানায়, চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে না পারায় তাদের পার্শ্ববর্তী শীতলক্ষ্যা নদী এবং আশপাশের বড় গার্মেন্টস কারখানার গভীর নলকূপ থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। নদীর দূষিত পানি ব্যবহারের ফলে তাদের শরীরে চর্মরোগসহ নানা ধরনের অসুখ দেখা দিচ্ছে।এ ব্যাপারে মডস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক জানান, কিল্লারপুল এলাকায় ওয়াসার পানির সমস্যার সমাধানের জন্য সেখানে গভীর নলকূপ বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।